২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে তিন যানের সংঘর্ষে নিহত ৫

পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিনজন নিহত হন; হাসপাতালে মারা যান আরও দুইজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 11:55 AM

Updated : 07 Jan 2023, 05:28 PM

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজনের প্রাণ গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই জসিম মিয়া জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাও গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), কুলাউড়ার কমলাছিলা গ্রামের ছাদির আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), কমলগঞ্জ থানার বেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) ও সাদিয়া আক্তার।

নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে পুলিশ জানালেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

এসআই জসিম বলেন, “ভোর ৪টার দিকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। পথে শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন জন।”

পরে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজনের মৃত্যু হয় বলে জানান জসিম।

তিনি বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে।