হুমকি-হয়রানির অভিযোগে দেবিদ্বারের ৫ প্রার্থীর ইসিতে চিঠি
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই বলে অভিযোগ করেছেন পাঁচ মেয়র প্রার্থী।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থী, স্থানীয় সংসদ সদস্য, থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর আলাদা পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি বরাবর এই চিঠি জমা দেন পাঁচ মেয়র প্রার্থী।
চিঠিতে হুমকি, হয়রানি, নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারীরা হলেন- আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ ক্যারম বোর্ড প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া ও নারকেল গাছ প্রতীকের মো. আবুল কাশেম, সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইস্ত্রি প্রতীকের শাহজাহান মোল্লা, সিপিবি কুমিল্লা জেলার সাবেক সভাপতি মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এ বি এম আতিকুর রহমান বাশার এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য চামচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম সুমন।
আলাদাভাবে দেওয়া পাঁচটি চিঠিতে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধেও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়েছে।
চিঠিগুলোয় বলা হয়, সংসদ সদস্য তার দেবিদ্বারের বাড়িতে অবস্থান করে নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করছেন। এ ছাড়া অন্য মেয়র প্রার্থীদের কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন তিনি। নির্বাচনকে নৌকার প্রার্থীর পক্ষে প্রভাবিত করে স্থানীয় সরকার নির্বাচন আইনের সুস্পষ্ট লঙ্ঘন করছেন তিনি।
এজন্য সিইসির কাছে প্রতিকার চেয়েছেন অভিযোগকারীরা।
এতে আরও বলা, “দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দেবিদ্বার থানার ওসি ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তারা রাতের আঁধারে অভিযানের নামে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছাড়াচ্ছেন। আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাদের কর্মী-সমর্থকরা যাতে নির্বাচনী কাজ না করতে পারে সেজন্য বাধা দিচ্ছেন।”
এমন পরিস্থিতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই বলে অভিযোগ করেন পাঁচ মেয়র প্রার্থী।
চিঠিতে তারা লিখেছেন, “তাদের এমন ভূমিকা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। আমরা সুষ্ঠু ভোট চাই ও ভোটের পরিবেশ চাই। সাধারণ মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে তাদের ভোট দিতে পারে এমন একটি পরিবেশ চাই। তাই থানার ওসি ও ডিবি পুলিশের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, “সংসদ সদস্যের বাড়ি পৌরসভার বাইরে; তিনি তার বাড়িতে আসতেই পারেন। তবে তাকে নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে আমরা দেখিনি।”
কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেলে প্রতিটি ঘটনায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। নির্বাচনের পরিবেশ এখন অনেক সুন্দর। আশা করছি, দেবিদ্বারে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ হবে।”
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় গত প্রায় ২১ বছরেও নির্বাচন হয়নি। এবারই প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ৩১ মে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৮, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার।
আরও পড়ুন:
