২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আপনার ভোট অন্য কেউ দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: তৈমুর

“আগের দিন চইলা গেছে। ২০১৪ ও ২০১৮ এর পুনরাবৃত্তি এইবার হবে না।”

আপনার ভোট অন্য কেউ দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: তৈমুর

নির্বাচনি প্রচারের সময় কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 09:40 PM

Updated : 26 Dec 2023, 09:48 PM

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার তার নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পাশাপাশি একজনের ভোট অন্য কেউ দিতে চাইলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন।

এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “রূপগঞ্জে নির্বাচনের পরিস্থিতি অবনতি ঘটানো হয়েছিল। কিন্তু প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের কারণে জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং আস্থা ফিরে পাচ্ছে।”

“আগের দিন চইলা গেছে। ২০১৪ ও ২০১৮ এর পুনরাবৃত্তি এইবার হবে না। নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছেন। প্রধানমন্ত্রী জাতির কাছে নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

“ফলে আগের মতো আপনার ভোট অন্য কোনো সন্ত্রাসী দিতে পারবে না। যারা নির্বাচনি কাজে বাধা দিয়ে সন্ত্রাসী ভূমিকা পালন করবে, তাদের স্থান হবে জেলখানায়; এইটাই সরকারের সিদ্ধান্ত।”

প্রশাসনের উদ্যোগের কারণে জনগণ সোচ্চার হয়েছে উল্লেখ করে তৈমুর আরও বলেন, “রূপগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে মনে করি। কমিশনকে দেশব্যাপী যেন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে কোন সন্ত্রাসী বাহিনী নৌকার ক্ষমতা বা অর্থের প্রভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”

এর আগে গত ২৩ ডিসেম্বর কাঞ্চনে প্রচারের সময় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। সেসময় তিনি বলেন, “নৌকার সমর্থকরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গোলযোগ সৃষ্টি করছে। মুড়াপাড়ায় ব্যানার, পোস্টার খুলে নৌকার পোস্টার লাগানো হয়েছে।

“বার বার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করব কীভাবে।”

এদিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে প্রচারের সময় সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য অনুরোধ জানান তৃণমূলের এই প্রার্থী। তিনি বলেন, “আপনার ভোট অন্য কেউ দিতে চাইলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।”

পুরনো খবর:

বার বার অভিযোগ করতে হলে নির্বাচন করব কীভাবে, প্রশ্ন তৈমুরের

এক প্রশ্নের জবাবে সাবেক এই বিএনপি নেতা বলেন, “আমি দল থেকে বহিষ্কার হয়েছি, বেঈমানী করি নাই। বহিষ্কার অনেক সময় সম্মানজনক; রূপগঞ্জবাসীর কাছে আমি পরীক্ষিত ব্যক্তি।”

এর আগে দুপুরে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করে চনপাড়ায় যান তৈমুর।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আচরণবিধির কোথাও নাই যে, গাড়ি নিয়ে আসা যাবে না।”