‘বলিউডে কেউ কারো নয়’, মনোজের আক্ষেপ
বলিউডকে পরিবার বা ভ্রাতৃত্বের জায়গা হিসাবে দেখার ধারণা ছেড়ে দেওয়াই ভালো।
বলিউড ইন্ডাস্ট্রি একটি চাকচিক্যে ভরা জগত, অনেকে আবার এই দুনিয়াকে নিজের পরিবারও বলে মনে করেন। কিন্তু সেই ধারণার সঙ্গে একমত নন অভিনেতা মনোজ বাজপেয়ী।
তার কথায়, হিন্দি সিনেমার জগতে ‘পারস্পরিক সহযোগিতা নেই’। বাস্তবে কোনও ‘পরিবারসুলভ ব্যাপারও’ নেই বলিউডে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘গজব রাত’-এর প্রচারে বলিউডের অন্দরমহল নিয়ে এমনই খোলাখুলি মন্তব্য করলেন অভিনেতা।
মনোজ বলেন, দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও নিজেকে এর অংশ মনে করে উঠতে পারেননি তিনি।
অভিনেতার কথায়, “সবচেয়ে বড় ভুল ধারণা হল, বলিউড একটা পরিবার। আদতে তা নয়। কোনও অভিনেতাই অন্য অভিনেতার সাফল্যে খুশি হন না। কোনও পরিচালক নিজেকে অন্য পরিচালকের চেয়ে কম মনে করেন না। একটি প্রযোজনা সংস্থাও অন্য সংস্থার বেশি আয় দেখে আনন্দ হয় না।”
মনোজের মতে, এখানে কেউ কারও ভালো দেখতে পারে না।
চলচ্চিত্রজগতের মানুষদের মধ্যে সৌজন্য ও আন্তরিকতার অভাব নিয়েও সরব হয়েছেন মনোজ। তার দাবি, অন্যের সিনেমা ভালো লাগলেও প্রশংসা জানাতে ফোন করার অভ্যাস প্রায় নেই বললেই চলে। তাই বলিউডকে পরিবার বা ভ্রাতৃত্বের জায়গা হিসাবে দেখার ধারণা ছেড়ে দেওয়াই ভালো।
তার কথায়, “এই ইন্ডাস্ট্রিতে আসলে কোনও ভ্রাতৃত্বই নেই। পারস্পরিক সম্পর্কের এই ধারণাটা এখানে পুরোপুরি ভুল।”
মনোজের মতে, কর্মজীবনে প্রত্যেককে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। অন্য কেউ সাহায্য করবেন, এই আশায় বসে থাকলে চলবে না।
অভিনেতা বলেন, “আপনি একা এসেছেন, আর চলে যাওয়ার সময়ও একাই যাবেন। নিজের কাজ করুন, নিজের পারিশ্রমিক বুঝে নিন, তার পর বাড়ি ফিরে যান। কেউ সাহায্য করতে এগিয়ে এলে সেটাকে বাড়তি পাওনা হিসাবেই দেখুন।”
বলিউডের কাজের পরিবেশ নিয়েও ক্ষোভ রয়েছে মনোজের। তার মতে, ছবির সেটে প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা উচিত। খাবারের ক্ষেত্রেও অভিনেতা ও কলাকুশলীদের মধ্যে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়।
আরও একটি বিষয়ে আক্ষেপ করে মনোজ বলেছেন, আগে অভিনেতারা একসঙ্গে বসে গল্প করতেন, সময় পেলে শুটিংয়ের পরেও আড্ডা দিতেন। এখন শুটিং শেষ হলেই সকলে নিজেদের সাজঘরে চলে যান। সেখানে বসে সমাজমাধ্যমে সময় কাটান।
