কেনাকাটার সিদ্ধান্ত কি সত্যিই নিজের, নাকি অদৃশ্য কোনও ফাঁদে পা দিচ্ছেন?
সীমিত সময়ের অফার, দোকানের সংগীত, সুগন্ধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড ক্রেতাদের অজান্তেই অপ্রয়োজনীয় কেনাকাটায় প্ররোচিত করতে পারে।
রাতের খাবারের জন্য জরুরি বাজার করা, নতুন কোনও স্মার্টফোন কেনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোনও পণ্য অর্ডার করা- কেনাকাটার পর প্রত্যেকের কাছেই নিজের সিদ্ধান্তের পক্ষে একটি যৌক্তিক ব্যাখ্যা থাকে।
তবে মনোবিজ্ঞানীরা প্রশ্ন তুলছেন, এই সিদ্ধান্তগুলো কি সত্যিই সম্পূর্ণ নিজের, নাকি অদৃশ্য কোনও মনস্তাত্ত্বিক শক্তি কেনাকাটার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে?
মনস্তত্ত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘সাইকোলজি টুডে’তে প্রকাশিত নিবন্ধে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির বিপণন বিভাগের সহকারী অধ্যাপক এবং ‘ইনফ্লুয়েন্সড: দ্য সায়েন্স অব হোয়াই উই বাই’ বইয়ের লেখক ড. অ্যারন অ্যাটকিনসন-টোয়াল ভোক্তাদের অবচেতন মনে প্রভাব ফেলা এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো বিশ্লেষণ করেছেন।
তার মতে, বড় ব্র্যান্ডগুলো প্রতিদিন এমন সব মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে, যার প্রধান লক্ষ্য হল ‘আগে কেনা এবং পরে চিন্তা করা’।
যেসব অদৃশ্য কৌশল কেনাকাটার সিদ্ধান্ত বদলে দেয়
মূল্যছাড় ও সীমিত সময়ের অফারের ফাঁদ: মানুষ নিজেকে যুক্তিবাদী ক্রেতা ভাবলেও অতিরিক্ত তথ্যের ভিড়ে মস্তিস্ক প্রায়ই আবেগতাড়িত সিদ্ধান্ত নেয়।
‘ব্ল্যাক ফ্রাইডে’ বা অনলাইন মূল্য ছাড় বা ‘সীমিত সময়ের অফার’ দেখে ক্রেতাদের মনে জরুরি অবস্থার সৃষ্টি হয়।
তখন পণ্যটি আদৌ প্রয়োজন কি-না তা যাচাই না করেই স্রেফ সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে ক্রেতা কেনাকাটা করে ফেলেন।
দামের তুলনামূলক বিভ্রম: কফি শপে মাঝারি কাপের চেয়ে বড় কাপের কফির দাম সামান্য বেশি রাখা হলে ক্রেতারা সেটিকে দারুণ লাভজনক মনে করে বড় কাপটিই কিনে ফেলেন।
অথচ সেই কফিটি আদৌ পুরোটা পান করা সম্ভব কি-না বা এর প্রাথমিক দাম আসলেই কতটা বেশি ছিল, তা আর মাথায় থাকে না।
আবেগ ও আতঙ্কের প্রভাব: আবেগ ও আতঙ্কও কেনাকাটায় বড় ভূমিকা রাখে।
যেমন- করোনাভাইরাস মহামারির সময় অন্যদের অতিরিক্ত টয়লেট পেপার মজুত করতে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনেছিলেন।
মূলত চারপাশের অনিশ্চয়তার মধ্যে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার মানসিক তাড়না থেকেই মানুষ এমন আচরণ করে।
পঞ্চেন্দ্রিয়ের ওপর প্রভাব: সুপারশপের ভেতরে সদ্য বেইক করা পাউরুটি বা কুকিজের সুগন্ধ ছড়িয়ে দেওয়া হয় যাতে ক্রেতাদের ক্ষুধা জাগে, কারণ ক্ষুধার্ত ক্রেতারা অনেক বেশি হঠকারী কেনাকাটা করেন।
পাশাপাশি দোকানে ধীরলয়ের সংগীত বাজানো হয় যাতে ক্রেতারা ধীরে-সুস্থে হাঁটেন এবং দোকানে বেশি সময় কাটিয়ে অপ্রয়োজনীয় পণ্যও কিনে ফেলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলবদ্ধতার আকাঙ্ক্ষা: বন্ধু বা অনলাইনের অপরিচিত ইনফ্লুয়েন্সারদের হাতে কোনও সাধারণ পানির বোতল বা গ্যাজেট ভাইরাল হতে দেখলে সেটি কেনার তীব্র ইচ্ছা জাগে।
আসলে জনপ্রিয় দলের অংশ হয়ে থাকার মানসিক চাহিদা থেকেই, মানুষ অপ্রয়োজনীয় ভাইরাল পণ্য কিনে থাকেন।
সচেতন ক্রেতা হওয়ার উপায়
ড. অ্যাটকিনসন-টোয়ালের মতে, “বাইরের সব প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকলে ক্রেতারা ঠকবেন না।”
কোনও পণ্য কেনার আগে নিজেকে প্রশ্ন করা উচিত- ‘এই মূল্যছাড় বা ভাইরাল প্রচারণা না থাকলেও কি আমি পণ্যটি কিনতাম?’
এই একটি প্রশ্নই অপ্রয়োজনীয় খরচ ও হঠকারী কেনাকাটা থেকে বাঁচাতে পারে।
