২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাজার করার সেরা সময়

আচরণ বিজ্ঞানীদের মতে সকালের একটি নির্দিষ্ট সময়ে কেনাকাটা করলেই বাঁচবে টাকা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:00 PM

Updated : 29 Sep 2026, 04:37 PM

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ হল, বাজার করা। তবে অনেক সময়ই দেখা যায়, প্রয়োজনীয় তালিকার বাইরেও চিপস, চকলেট বা অপ্রয়োজনীয় পণ্য কিনে মাস শেষে বাজেটের বড় ধরনের অপচয় ঘটে।

অনেকে একে সাধারণ অসচেতনতা মনে করলেও, এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ।

জীবনধারা ও স্বাস্থ্য-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদেনে উল্লেখ করা হয়, দিনের কোন সময়ে কেনাকাটা করা হচ্ছে, তা মানুষের খরচ করার প্রবণতাকে সরাসরি প্রভাবিত করে।

গবেষণানুযায়ী, কম খরচে এবং মানসিক চাপমুক্ত বাজার করার সেরা সময় হল সকালবেলা, বিশেষ করে সকালের নাস্তা খাওয়ার ঠিক পরপর।

যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এডওয়ার্ড জোন্সের জ্যেষ্ঠ আচরণ বিজ্ঞানী ড. লরেল নিউম্যান প্রতিবেদনে বলেন, “দিনের শুরুতে মানুষের আত্মনিয়ন্ত্রণ বা ‘সেল্ফ-কন্ট্রোল’ সবচেয়ে উঁচুতে থাকে। কর্মব্যস্ত দিন বা অফিসের কাজের পর মানুষের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক ধরনের ক্লান্তি বা ‘ডিসিশন ফ্যাটিগ’ তৈরি হয়, যা অবচেতনভাবেই মানুষকে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কেনাকাটার দিকে ঠেলে দেয়।”

এই আচারণবিদ গবেষণায় দেখিয়েছেন, সকালের কেনাকাটায় তিনটি বড় সুবিধা পাওয়া যায়: সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ, ক্ষুধার অনুপস্থিতি এবং নতুনত্ব খোঁজার কম প্রবণতা।

২০১৯ সালে ‘জার্নাল অব কনজিউমার রিসার্চ’-এ প্রকাশিত, উত্তর ক্যারোলিনা’র ডারহাম-এ অবস্থিত ডিউক ইউনিভার্সিটির ফুকা স্কুল অফ বিজনেস-এর করা এক গবেষণায় দেখা গেছে, মানুষ দিনের শুরুতে খুব সুনির্দিষ্ট পণ্য কেনে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বৈচিত্র্যময় ও অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বাড়তে থাকে।

নিউম্যানের মতে, ক্ষুধার্ত অবস্থায় কেনাকাটা করা বড় ভুল। খিদে থাকলে মানুষ শুধু অতিরিক্ত খাবারই কেনে না, বরং শারীরিক অস্বস্তির কারণে অবচেতন মন যেকোনো ধরনের পণ্য বেশি পরিমাণে সংগ্রহ করতে চায়।

২০২৬ সালে জার্নাল অব রিটেইল অ্যান্ড কনজিউমার সার্ভিসেস-এ প্রকাশিত রসিদ-ভিত্তিক এক জরিপে দেখা গেছে, কেনাকাটায় অহেতুক খরচ বাড়ার বড় কারণ হল, কোনও নির্দিষ্ট পরিকল্পনা বা তালিকা ছাড়া বাজারে ঘুরে বেড়ানো।

নেদারল্যান্ডস-এর ব্রেশা’তে অবস্থিত ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর, অ্যাকাডেমি ফর লিজার অ্যান্ড ইভেন্টস করা এই গবেষণার ফলাফলে আরও উল্লেখ করা হয়, যারা সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেনাকাটা করেন, তাদের অপ্রয়োজনীয় পণ্য কেনার ঝুঁকি সাধারণ ক্রেতাদের তুলনায় প্রায় ৯ গুণ বেশি।

এই সমস্যা এড়াতে এবং অহেতুক খরচ কমাতে ড. নিউম্যান কয়েকটি কৌশল অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

যেমন— বিকালে কেনাকাটা করতে হলে অবশ্যই আগে হালকা কিছু খেয়ে নেওয়া, সুনির্দিষ্ট তালিকা সঙ্গে রাখা এবং প্রলোভন থেকে পুরোপুরি বাঁচতে অনলাইন হোম ডেলিভারি সুবিধা ব্যবহার করা, যা মানুষের মূল্যবান সময় ও অর্থ দুটোই সাশ্রয় করে।

পুরানো খবর:

অল্প আয় থেকেও যেভাবে সঞ্চয় করা যায়
অহেতুক খরচ না করাই বুদ্ধিমানের কাজ
সাপ্তাহিক বাজারে খরচ কমানোর উপায়
সিলিন্ডার গ্যাসের খরচ কমানোর পন্থা