Published : 07 Apr 2026, 03:25 PM
বাজেটের একটি বড় অংশ দখলে থাকে খাবারের খরচ। আবার ছোট ছোট ভুল সিদ্ধান্তে হিসাবের টাকা নষ্ট হয়ে যায়।
তাই পরিকল্পনা ছাড়া বাজার করা, প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা বা খাবার নষ্ট হওয়া— এসব মিলেই মাস শেষে বড় অঙ্কের খরচের তালিকা সামনে আসে।
এক্ষেত্রে কিছু সচেতন অভ্যাসে খরচ অনেকটাই কমানো যায়।
হিমায়িত সবজি ও ফলের ব্যবহার
সব সময়ে টাটকা সবজি ও ফল কেনা ভালো এমন নয়। হিমায়িত করা ফল ও সবজি অনেক সময় বেশি কার্যকর হতে পারে।
কারণ এগুলো বাজার থেকে সংগ্রহের পরপরই ফ্রিজে সংরক্ষণ করা হয়, ফলে পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।
“পাশাপাশি এগুলো দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে যেসব ফল দ্রুত পচে যায়, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি টাকা সাশ্রয়ে সাহায্য করে”- বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।
পরিকল্পিত খাবার তালিকা
“সাপ্তাহিক খাবারের পরিকল্পনা করাও কার্যকর অভ্যাস। এতে প্রতিদিনের রান্না আগে থেকেই নির্ধারিত থাকে, ফলে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা কমে”- বলেন, এই বিশেষজ্ঞ।
একই ধরনের উপকরণ ব্যবহার করে কয়েকটি খাবার পরিকল্পনা করলে সেই উপকরণ নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।
ছয়-এক নিয়মের সহজ কৌশল
বিস্তারিত পরিকল্পনা করতে না চাইলে একটি সহজ নিয়ম অনুসরণ করা যেতে পারে। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় সবজি, ফল, প্রোটিন, শর্করা, সস এবং একটি নতুন খাবার কেনা হয়।
এই পদ্ধতি বাজারকে সুষম করে এবং অপ্রয়োজনীয় খরচ কমায়। একই সঙ্গে এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তেও সহায়ক।
বাজারের আগে ঘরের হিসাব
বাজারে যাওয়ার আগে ঘরে কী আছে তা দেখে নেওয়া জরুরি। অনেক সময় একই জিনিস আবার কিনে ফেলা, যা পরে নষ্ট হয়।
ফ্রিজ, রান্নাঘরের তাক এবং সংরক্ষণের জায়গা দেখে একটি তালিকা তৈরি করলে সমস্যা এড়ানো যায়। এতে শুধু প্রয়োজনীয় জিনিসই কেনা হয় এবং অতিরিক্ত খরচ কমে।
মৌসুমি খাবারের গুরুত্ব
মৌসুম অনুযায়ী খাবার কেনা সবসময় সাশ্রয়ী। কারণ মৌসুমি ফল ও সবজি সহজলভ্য থাকে এবং দামও কম হয়।
অন্যদিকে মৌসুমের বাইরে পাওয়া খাবারের দাম তুলনামূলক বেশিই হয়।
স্থানীয় বাজারের সুবিধা
স্থানীয় কৃষকের বাজার থেকে কেনাকাটাও সাশ্রয়ী হতে পারে। কারণ এতে দামের বাড়তি বিষয়টি যোগ হয় না।
ছাড় ও অফারের সঠিক ব্যবহার
বিভিন্ন দোকানে নিয়মিত ছাড় ও বিশেষ অফার থাকে। এগুলো সম্পর্কে খোঁজ রাখলে খরচ কমানো সম্ভব।
তবে শুধু ছাড় দেখেই কেনাকাটা করা ঠিক নয়। প্রয়োজন আছে কি-না, সেটি বিবেচনা করাও জরুরি। পরিকল্পনা অনুযায়ী কেনাকাটা করলে এই অফারগুলো কাজে লাগতে পারে।
বড় পরিমাণে কেনার আগে ভাবা
বড় পরিমাণে কিনলে দাম কম হয়- এটি সত্য হলেও সব ক্ষেত্রে লাভজনক না। এক্ষেত্রে যদি কোনো খাবার সময়মতো ব্যবহার করা না যায় সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে এবং টাকার অপচয় হয়।
প্রস্তুত খাবার এড়িয়ে চলা
আগে থেকে কাটা বা প্রস্তুত করা খাবার দেখতে সুবিধাজনক হলেও এর দাম বেশি হয়। একই জিনিস নিজে প্রস্তুত করলে খরচ অনেক কমে। এছাড়া এসব খাবার দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
মাংস কেনায় সচেতনতা
মাংস সাধারণত বাজারের সবচেয়ে ব্যয়বহুল অংশ। তাই এটি কমানো বা বিকল্প ব্যবহার করা খরচ কমানোর একটি বড় উপায়।
“কম দামের অংশ বেছে নেওয়া বা অন্যান্য প্রোটিন উৎস ব্যবহার করলে খরচ কমে। পাশাপাশি নিরামিষ খাবার অন্তর্ভুক্ত করাও ভালো কৌশল”- বলেন, তাসমিয়া জান্নাত।
খাবারের অপচয় কমানো
খাবার নষ্ট হওয়া মানে সরাসরি টাকা নষ্ট হওয়া। তাই যতটা প্রয়োজন ততটাই রান্না করা এবং বেঁচে যাওয়া খাবার সঠিক ভাবে সংরক্ষণ জরুরি।
আরও পড়ুন