আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ
ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন, বলেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, হাতবোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
চলমান নাশকতা এবং হামলার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এ সংসদ সদস্য।
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “দেশে যে গত দুই দিন ধরে নজীরবিহীন সন্ত্রাস, অরাজকতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড চলমান রয়েছে—পতিত ফ্যাসিস্ট শক্তি তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে।”
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা তুলে ধরেন তিনি।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক বা দুজনের মৃত্যুর খবর পাওয়ার কথাও বলেন নাহিদ।
গেল কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, রেখা যাওয়া হাতবোমা উদ্ধার, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
সোমবার রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক ধোয়ায়-শ্বাসকষ্টে মারা গেছেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন।
নাহিদ ইসলামের অভিযোগ, এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ‘কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না’।
তিনি বলেন, গত সাত মাস ধরে বিরোধী দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার কথা বলে আসছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে এনসিপির এই এমপি বলেন, “ওনাকে আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি পালন করে আবার বিদেশে চলে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি
সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সংসদে কোনো বক্তব্য না আসায় অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি প্রয়োজন ছিল।
নাহিদ ইসলাম বলেন, “আজকে আমরা আশা করেছিলাম যে সংসদে মাননীয় মন্ত্রী এ বিষয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটা বিবৃতি উনি দিবেন।”
এর আগে প্রশ্নোত্তর পর্বে মাছের পোনা নিয়ে দীর্ঘ আলোচনা হলেও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
তিনি বলেন, “আমরা কৈ মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে। কিন্তু আজকে, কিন্তু দেশের পরিস্থিতিটা এটা না, মাননীয় স্পিকার।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার কী করছে, তা জানতে চান বিরোধীদলীয় চিফ হুইপ।
তিনি বলেন, “ফলে আপনার মাধ্যমে এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলার যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহিতা আশা করছি।”
চলমান নাশকতা ও হামলার ঘটনা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে সংসদকে অবহিত করার দাবি জানান নাহিদ ইসলাম।
