২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরল সরকার

“আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:18 AM

Updated : 24 Nov 2026, 11:18 AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে সরকার।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের জন্য ঢাকার সব বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মিশনের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উদ্দেশে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের বলেন, “এগুলো কূটনৈতিক পরিস্থিতি নিয়মিত ব্রিফিং। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকাবস্থায় মন্ত্রী হিসাবে আমার প্রথম ব্রিফিং।

“বিভিন্ন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, নীতি নিয়ে সর্বশেষ অবস্থা জানানো। আমরা বিনিয়োগসহ সার্বিক দিক নিয়ে কথা বলেছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের নীতিগুলো কীভাবে এগোচ্ছে, সে বিষয়ে আমি কথা বলেছি। কীভাবে আমরা সন্ত্রাসীদের মোকাবেলা করছি, সে বিষয়ে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবাদকে যেভাবে মোকাবেলা করছি, সেটাই সঠিক উপায়। এবং টেররিস্টদের ব্যাপারে যে আমরা কঠোর অবস্থান, বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে এবং বাংলাদেশের মানুষ চায় আমাদের সরকারও এদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়। সুতরাং আপনি জানেন, এখানে সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

“আপনারা জানেন, সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সন্ত্রাসবাদ তো আর কোনোভাবেই সহ্য করা যায় না। মানে, এটা পৃথিবীর সব জায়গায় অগ্রহণযোগ্য।”

ওই ব্রিফিংয়ের পর সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

সে প্রসঙ্গে টেনে হুমায়ুন কবির বলেন, “আমরা কী করছি, সে বিষয়ে দেশের মানুষকে সর্বশেষ অবস্থা জানিয়ে রাখতে চাই।

“তবে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দৃঢ় আছি। আমরা সেক্ষেত্রে দৃঢ় অবস্থানে।”

দেশের মানুষ এবং বিদেশি অংশীদারদের সঙ্গে উন্মুক্ত সংলাপ এবং আলোচনার মাধ্যমে সরকারের নীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন।

সাইবার সুরক্ষা আইনের মতো বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও এমন মতবিনিময় হবে বলে জানান তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “না, কারও কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশের জন্য এই ব্রিফিং নয়, আপনি বিষয়টা বললেন। এটা হচ্ছে, আমরা আমাদের নীতি নিয়ে কীভাবে এগোচ্ছি, সে বিষয়ে ছিল এটা।”

সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, “এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই। টেররিস্ট তো আওয়ামী টেররিস্ট, টেররিজম। ওকে?

“বাংলাদেশের মানুষের উপর টেররিজম তো এক জায়গা থেকেই, যে আওয়ামী টেররিজম। স্পন্সর্ড বাই হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না যে ইয়ে হবে।

“তো হ্যাঁ, টেররিস্ট তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে, কারা। সুতরাং এইটা তো এখন আর কারও কাছে আশ্চর্যজনক বিষয় নয়।”

সরকার পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা একটা আত্মবিশ্বাসী সরকার। কেন? আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের ওভারহোয়েলমিং, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না। অবৈধ না, যেমনটা অতীতে আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে এর জোরালো অবস্থান আছে।

“সুতরাং আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এটা মোকাবেলা করছি এবং আমাদের মানুষজনের সঙ্গে আত্মবিশ্বাসের কথা বলছি।”

আওয়ামী লীগ ‘বিচ্ছিন্ন সন্ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “এরা মনে করে যে, এগুলা করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এবং মানে মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না।

“আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি না যে—‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান। মানে জয় বাংলা বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।”

আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।”