কবুতর পালার আড়ালে ‘অস্ত্র তৈরি’
আটক করিম মিয়াকে এক মাস নজরে রেখে অভিযান চালায় নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জ শহরে একটি আবাসিক ভবনে কবুতর পালার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তির নাম করিম মিয়া। তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় বোনের ভাড়া করা বাসায় থাকতেন।
বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ সেই বাসায় অভিযান চালিয়ে তাকে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ধরে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, করিমের কাছ থেকে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার গান (এক নলা বন্দুক), একটি কার্তুজ, শটগানের গুলি, দেশি রিভলবার ও পাইপগান তৈরির সরঞ্জাম, ড্রিল মেশিন ও কাটার জব্দ করা হয়।
চাইলাউ মারমা বলেন, “দীর্ঘদিন ধরে করিম মিয়া পিস্তল ও রিভলবার তৈরি করে বিক্রি করতেন। প্রায় এক মাস আগে থেকে আমরা তাকে নজরে রাখছিলাম। এর সঙ্গে আর কারা জড়িত, ক্রেতা কারা, তাও খুঁজে বের করতে কাজ চলছে।
“তার আরেকজন সহযোগী আছে বলেও জেনেছি৷ তাকেও শনাক্ত করে আইনের আওতায় আনব৷”
অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওই থানার ওসি শাহাদাত হোসেন৷
