চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার
“এ সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় আমবাগানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি।
বৃহস্পতিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউপির নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বাগান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-৫ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার তরিকুল ইসলাম
শুক্রবার সকালে তিনি বলেন, গোপন তথ্যে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে আমবাগানের ভেতর একটি সাদা শপিং ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিনগুলো উদ্ধার করা হয়।
“এ সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
তরিকুল ইসলাম আরও বলেন, “নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও গুলিগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এসআরবি।”
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
