২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবর থেকে শাবির শিক্ষার্থীরা পাবেন ‘ডিজিটাল সনদ’

অনলাইনে আবেদনের মাধ্যমে ডিজিটাল স্বাক্ষরিত অন্যান্য পরিচয় বহনকারী সনদ উত্তোলন করতে পারবেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2024, 11:33 AM

Updated : 28 Mar 2024, 11:33 AM

দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী অক্টোবর থেকে শিক্ষার্থীদের ‘ডিজিটাল সনদ’ প্রদান করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথোরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল স্বাক্ষরিত অন্যান্য পরিচয় বহনকারী সনদ উত্তোলন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং আরভিএল সিএর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক শাফকাত মতিন ও চিফ অপারেটিং অফিসার আনড্রেস রিথমুলার উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরে গুরুত্ব তুলে ধরে উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, “এ চুক্তির ফলে শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সনদপত্র বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী এম্বেসিসহ যেকোনো কর্তৃপক্ষ দ্রুত যাচাই করতে সক্ষম হবেন।

“দেশের প্রথম পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শাবির এই উদ্যোগটি ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পকে নিঃসন্দেহে বেগবান করবে।”

আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় শিক্ষার্থীরা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে এ ই-সাইন সনদের আওতায় আসবে বলে জানান উপাচার্য।

অপরদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হওয়া এ চুক্তির মাধ্যমে দেশের শিক্ষাঙ্গন ‘নতুন যুগে প্রবেশ’ করেছে বলে মন্তব্য করেছেন আরভিএল সিএর পরিচালক শাফকাত মতিন।

শাবিতে ডিজিটাল সনদপত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অক্টোবর থেকে এ সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। বর্তমানে এটি প্রক্রিয়াধীন রয়েছে।’’

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]