০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু ১৫ অক্টোবর

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 10:37 PM

Updated : 08 Oct 2026, 10:37 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ১৫ অক্টোবর থেকে শুরু হবে।

আগ্রহীরা ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি পুরান ঢাকার ধূপখোলা মাঠে সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে, যেখানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক এবং ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর/এমবিএ বা সমমান উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এমফিল, পিএইচডি ও প্রফেশনাল/সান্ধ্যকালীন প্রোগ্রামের যেসব শিক্ষার্থী অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন, তারাও অংশ নিতে পারবেন।

স্নাতকের নিবন্ধন ফি ৫ হাজার ৫০০, স্নাতকোত্তরের ৬ হাজার ৫০০, এমফিল ও পিএইচডির ৭ হাজার ৫০০ এবং সান্ধ্যকালীন সব প্রোগ্রামের ফি ৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে রেজিস্ট্রেশন ও মূল সনদ ফির ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

প্রথম সমাবর্তনের তুলনায় এবার প্রতিটি ডিগ্রির ফি অন্তত ২ হাজার টাকা বেড়েছে।

উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, প্রায় ১৬ হাজার ৪০০ স্নাতক ও ১৩ হাজার ৩০০ স্নাতকোত্তর শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠার ১৪ বছর পর ২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়। এরপর কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রায় সাত বছর পর এবার দ্বিতীয় সমাবর্তন হতে যাচ্ছে।