ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
মামুন হাইকোর্ট থেকে তিন মাসের আগাম জামিন নিয়েছিলেন।
কিশোরগঞ্জে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজল জানান।
আসামি আবদুল্লাহ আল মামুন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামুন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
মামলার বিবরণে বলা হয়, কয়েক বছর আগে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে এক নারীর ফোনে আলাপ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এরপর মামুন তাকে বিয়ের প্রস্তাব দেন এবং গত বছরের ৫ মার্চ বিকালে তার বাড়ি যান। সেখানে বিভিন্ন গল্প করার এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন মামুন। পরে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন তিনি।
এরপরেও কয়েকবার বিয়ের কথা দিয়ে ওই নারীকে বিভিন্ন জায়গায় নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকেন এবং ধর্ষণ করেন। এক সময় ওই নারী মামুনকে বিয়ের জন্য চাপ দিলে একজন কাজী ডেকে বিয়েও করেন। পরে কাবিনের কথা বললে মামুন তাকে গালিগালাজ করে বিয়ে করবে না বলে জানিয়ে দেন। পরে মেয়ের পক্ষ থেকে স্থানীয়ভাবে সালিশ ডাকা হলেও মামুন সেখানে যাননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজল বলেন, ওই নারী ২০২৩ সালের ২১ মে মামুনকে আসামি করে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন।
মামলার পর বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআই মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর মামুন হাইকোর্ট থেকে তিন মাসের আগাম জামিন নিয়েছিলেন।
