হাওরে ধান কিনতে গিয়ে লাশ হলেন ব্যবসায়ী
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার মদন উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দুপুরে উপজেলার উচিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মদন থানার এসআই আব্দুল হাই জানান।
নিহত আলী মিয়া (৬১) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা।
আহত মোটরসাইকেল চালক নাছির উদ্দনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, “চলতি বোরো মৌসুমে হাওরে ধান কিনতে সকালে বাড়ি থেকে মদন যান ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেলে করে কেন্দুয়ার দিকে রওনা হন।
“পথে বিপরীত দিক থেকে আসা চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আলী মিয়া গুরুতর আহত হন।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই আব্দুল হাই।
তিনি বলেন, লাশ হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
