২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পূর্বের ন্যায় ইন্টার্নশিপ বহাল রেখে নিয়োগ বিধি সংশোধন করে কর্মসংস্থানের সুযোগের দাবি জানান শিক্ষার্থীরা।

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চার দফা দাবিতে গাজীপুর প্রেসক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ।

গাজীপুর প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 06:21 PM

Updated : 30 Aug 2023, 06:43 PM

স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘট পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস এর শিক্ষার্থীরা।

দাবি আদায়ে গত ১৬ অগাস্ট থেকে সারা দেশে ম্যাটসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা লাগানোসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার গাজীপুর প্রেসক্লাব ও খুলনা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, অ্যালাইড হেল্থ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করে পূর্বের ‘ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট কোর্স’ এর নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ নামকরণ করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে নিয়োগ দিতে হবে।

গাজীপুর ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী জারিয়া নুর জিমি বলেন, “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করার লিখিত প্রতিশ্রুতি দিলেও মন্ত্রীসভায় ‘বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে।

“আগের কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ থাকলেও ২০২৩ সাল থেকে প্রবর্তিত ‘বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩’ আইন অনুযায়ী নতুন কারিকুলামে ইন্টার্নশিপ বাদ দেওয়া হয়েছে। এতে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা; যা চিকিৎসা ক্ষেত্রে হুমকিস্বরূপ।”

পরে গাজীপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় বলে শিক্ষার্থী শিহাব আহম্মেদ জানান।

দেশের ১৬টি সরকারি ম্যাটসের শিক্ষার্থীরা চার দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে বলে জানান গাজীপুর ম্যাটসের অধ্যক্ষ আব্দুল সালাম সরকার।

Image

চার দফা দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরির সামনে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন।

এদিকে কুষ্টিয়া শহরের প্রধান সড়কের পাশে প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে করেছে ম্যাটসের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, “সদ্য স্বাধীন দেশে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু সহকারী স্বাস্থ্যশিক্ষা প্রণয়ন করেন। এখান থেকে পড়ালেখা শেষ করে শিক্ষার্থীরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। অথচ আজ এই শিক্ষাকে সংকোচন করে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে।”

পূর্বের ন্যায় ইন্টার্নশিপ বহাল রেখে নিয়োগবিধি সংশোধন করে কর্মসংস্থানের সুযোগের দাবি জানান তিনি।

দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষার্থীরা।