জামালপুরে প্রবাসীকে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
‘মারধরের শিকার’ আনিছ মোল্লা ২০০৭ সাল থেকে ইতালি প্রবাসী; গত ১০ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন।
জামালপুরের মেলান্দহে ইতালি প্রবাসী এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে মেলান্দহ পৌরসভার পশ্চিম জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আনিছ মোল্লা নামের এই যুবকের অভিযোগ।
আনিছ মোল্লা (৩৫) মেলান্দহ পৌরসভার পশ্চিম জালালপুর গ্রামের প্রয়াত তারা মোল্লার ছেলে। ২০০৭ সাল থেকে ইতালি প্রবাসী আনিছ গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন। আগামী ২ মার্চ তার ইতালি ফিরে যাওয়ার কথা।
আনিছ মোল্লার অভিযোগ, মঙ্গলবার বিকালে মেলান্দহ বাজার রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনে আনিছ তার ইতালি প্রবাসী চাচাকে উঠিয়ে দিতে গেলে ট্রেনের বগিতে স্থানীয় এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে বের করেন মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
বাড়ির গেটে এলেই ইসমাইল হোসেন ও তার সহযোগী শতাধিক যুবক তাকে বেধড়ক পেটাতে থাকেন বলে আনিছের অভিযোগ।
তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায় বলে আনিছ জানান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
আনিছের মা বকুল বেগম বলেন, তার প্রবাসী ছেলেকে যারা বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মেলান্দহ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
