ফরিদপুরে কিশোরীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
২০১৪ সালের ২ অক্টোবর রাত ৮টায় কেয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ফরিদপুরে কিশোরীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নওয়াব আলী।
দণ্ডপ্রাপ্ত মো. আলী হাসান সরদার (৩৭) ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার সিঅ্যান্ডবি কলোনিতে দাবির উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০০৫ সালে সাত বছর বয়সে দবির উদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে শিশু কেয়া খাতুন। ২০১৪ সালে আলী হাসান গৃহকর্মী কেয়াকে অশালীন প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হলে কেয়াকে হত্যার হুমকি দেন আলী হাসান।
২০১৪ সালের ২ অক্টোবর রাত ৮টায় কেয়ার রক্তাক্ত মৃতদেহ দবির উদ্দিনের ঘরের মেঝ থেকে উদ্ধার করে পুলিশ। পরে কেয়ার বাবা বারেক শেখ বাদী হয়ে ৩ অক্টোবর আলী হাসান সরদারসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
২০১৫ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান। অভিযোগপত্রে আলী হাসান সরদারকে একমাত্র আসামি করা হয়।
আইনজীবী বলেন, আদালত রায়ে ১৮৮০ সালের ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দেন। আসামি গ্রেপ্তারের পর রায় কার্যকর হবে।
