সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি
বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে; এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পুলিশ প্রধান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেছেন, “আমাদের অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম আছে। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা সেই দায়িত্ব পালন করব।”
বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশের উপর অর্পিত দায়িত্ব সবসময় সফলভাবে পালন করে আসছে জানিয়ে আইজিপি বলেন, “বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
“এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আশা করছি, উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে অতীতের মত মানুষ অংশগ্রহণ করবেন।”
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “প্রধানমন্ত্রী জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা সেই আলোকে দায়িত্ব পালন করে চলেছি।
এক সময় দেশে সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল। বিশেষ করে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকজন এলাকা ছেড়ে চলে গিয়েছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারণে সর্বস্থানে মানুষ নিরাপদ।”
জঙ্গীবাদ দমনে পুলিশের সাফল্যের কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, “দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশে জঙ্গীবাদ নিয়ন্ত্রণে আছে।”
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আইজিপি।
অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ছিলেন।
এর আগে পুলিশ অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক ভবন উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
