চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়; এরপর হয় আলোচনা সভা।
সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী বলেন, “কালী হচ্ছেন আদিশক্তি, আদ্যাশক্তি। এই আদ্যাশক্তির আরাধনার মাধ্যমে আমরা মোক্ষ লাভের চেষ্টা করি। এটি অশিক্ষা ও মৃত্যুভয়ের বিরুদ্ধে এক আরাধনা।
”মানবজাতির কাছে আমাদের বার্তা হলো, আমরা মানুষ হিসেবে অত্যন্ত ক্ষুদ্র। আমাদের মধ্যে অজ্ঞানতা, অশিক্ষা, কুশিক্ষা, ভয় ও লোভ রয়েছে। মায়ের আরাধনার মাধ্যমে এসব অতিক্রম করে আমরা একটি সুন্দর ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি পরিবারের মতো সারা বিশ্বে বসবাস করতে পারি, এটাই আমাদের প্রার্থনা ও চাওয়া।”
প্রতিমার থিম সম্পর্কে সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ দিবস চৌধুরী বলেন, ”আমরা এ বছর প্রতিমার থিম ঠিক করেছি ’মাতৃরূপেন সংস্থিতা, শক্তিরূপেন সংস্থিতা’, অর্থাৎ যে মা সন্তানকে পরম মমতায় আগলে রাখেন, রামকৃষ্ণ ও রামপ্রসাদের মা ডাকেই সাড়া দেন, তিনিই প্রয়োজনে হাতে খড়গ তুলে নিয়ে অসুর বিনাশ করেন। মাতৃস্নেহ আর মাতৃশক্তি এখানে মিলেমিশে একাকার।”
