পোশাকশিল্প: মালিকপক্ষের প্রস্তাব জানালেন না বোর্ড চেয়ারম্যান
“আজকে কতক্ষণ চলে আমরা জানি না, আলোচনা চলছে।”
পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ নতুন বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলছেন, সেই প্রস্তাব তারা এখনই প্রকাশ করতে চান না।
মালিকপক্ষের দেওয়া সেই প্রস্তাব শ্রমিকপক্ষের ধারে কাছেও নেই বলে দাবি করেছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। বৈঠকের বিরতিতে বিকাল পৌনে ৫টায় ব্রিফিংয়ে আসেন বোর্ড সদস্যরা।
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “আমাদের সভা আরও চলবে। আজকে কতক্ষণ চলে আমরা জানি না, আলোচনা চলছে; কারণ আজকে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞগণ আমাদের সাথে উপস্থিত আছেন। উনারা উনাদের বিশ্লেষণী মতামত দিচ্ছেন।
“মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, সেটির ওপর আলোচনা চলছে। আমরা আমাদের পরিদর্শনে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, সেগুলো আজকে উপস্থাপন করা হয়েছে। আমরা হয়তোবা আজকের পরে সহসাই আমাদের পরবর্তী মিটিং অর্থাৎ চতুর্থ মিটিং খুব শিগগিরই করব। এটি হতে পারে আগামীকাল, হতে পারে কয়েক ঘণ্টার মধ্যে।”
তিনি বলেন, “আমরা আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি। মালিকপক্ষ যেই প্রস্তাব দিয়েছেন, সেটি আমরা এখনই জানাচ্ছি না—এটি বোর্ড সভার সিদ্ধান্ত। আমরা এই মুহূর্তেই এটি প্রকাশ করছি না।”
এক সাংবাদিক বলেন, এটা যদি আপনারা প্রকাশ না করেন, আপনি কি মনে করেন না যে এটা মাঠে আরও বেশি বিভ্রান্তি ছড়াতে পারে? কারণ বিভিন্ন ধরনের অ্যামাউন্ট সোশাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় এসেছে?
জবাবে আজাদ সুবহানী বলেন, “এখন কেউ যদি ব্যক্তিগতভাবে সোশাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে কোনো কিছু দেয়, সেটি কিন্তু আসলে আমাদের সরকারি বক্তব্য নয়। শ্রমিকদের দাবিকে আমরা বিবেচনায় নিয়েই কাজ করছি; বাংলাদেশের বিদ্যমান বাস্তবতাসমূহ বিবেচনায় নিয়ে।
“শ্রম আইন অনুযায়ী যেসব বিবেচ্য বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা আলোচনা এবং বিশ্লেষণ করেই কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, যেটি অবাস্তব হয়।”
তখন এক সাংবাদিক বলেন, “অন্তত একটা রাফ আইডিয়া যদি দেন? আজকে পত্রপত্রিকায় এসেছে ১৪ হাজার ৫০০ বা ৩০০—এমন প্রস্তাব এসেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন?”
উত্তরে চেয়ারম্যান বলেন, “এটি একেবারেই অবাস্তব।”
সাংবাদিকরা জানতে চান, শ্রমিকরা যে দাবি করছে, তারা ন্যায্য দাবিটা আপনাদের কাছ থেকে পাবে কি না?
জবাবে আজাদ সুবহানী বলেন, “ন্যায্যতার আমরা চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি এবং আমার বোর্ডের সবার সর্বোচ্চ আইনি ক্ষমতা আছে। সর্বোচ্চ দিয়ে কিন্তু আমি তাদেরকে অনেক কিছু মডারেট করছি।”
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, “মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তারা যেটা করছে বা যেটা সবসময় করে এটা আপনারা জানেন যে, মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাবনা দেওয়া শুরু করে। কিন্তু এটাই ফাইনাল না এবং তারা যেটাই করছে- সেটা আমাদের কাছে, শ্রমিক প্রতিনিধির কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। এটা নিয়ে আমরা আরও কাজ করতেছি এবং এই মিটিংটা চলমান আছে।
“মজুরির ইস্যুটা শ্রমিকদের পক্ষে যেন যায়, আমরা দ্রুত সময়ে শেষ করতে চাই। এবং আমাদের সাথে যে মালিকপক্ষের প্রতিনিধি ভাইয়েরা আছেন তারাও একমত হয়েছেন যে, হ্যাঁ এটা আমরা দ্রুত সময়ের ভেতরে শেষ করব।”
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বলেন, “তারা যেটা দিছে, তারা কম দিয়ে শুরু করছে; সেটা আবার রিভাইজ মানে প্রপোজাল আমাদের কাছ থেকেও যাবে, তাদের কাছ থেকেও রিভাইজ হবে এবং আমরা সেইভাবে যাচ্ছি। তাদের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি, আবার আমাদের প্রস্তাবও তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
“নতুন করে একটা রিভাইজ প্রপোজাল নিয়ে আমরা অলরেডি কাজ করছি, আজকেই আমরা দেব। আবার মালিকপক্ষ থেকেও আমরা আশা করি একটা রিভাইজ প্রপোজাল দেবে। আমরা সেটা নিয়ে আলোচনা করব।”
সাংবাদিক জানতে চান, মালিকপক্ষ থেকে যে প্রস্তাব এসেছে সেটা অযৌক্তিক কেন মনে হচ্ছে? আপনারা কি রিভাইজ অ্যামাউন্টটা জানাবেন?
জবাবে বাবুল আখতার বলেন, “মালিকপক্ষের এটা যৌক্তিক না কেন? কারণ আমরা যে দাবিটা দিয়েছি আপনারা জানেন শ্রমিকদের পক্ষে, তো সেটার ধারেকাছেও নেই।”
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে আছেন সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবার অনুষ্ঠিত হচ্ছে।
