২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচমকাই ওয়ানডে দলে খালেদ, সাড়ে তিন বছর পর ইয়াসির

বাংলাদেশের ওয়ানডে দলে বড় চমক সৈয়দ খালেদ আহমেদের ফেরা, দলে পরিবর্তন আছে আরও কিছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 07:59 PM

Updated : 23 Nov 2026, 07:59 PM

টেস্ট একাদশে জায়গা ফিরে পাওয়ার দিন আরেকটি বড় খবর পেলেন সৈয়দ খালেদ আহমেদ। মেঘ না চাইতেই বৃষ্টির মতো তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেলেন অভিজ্ঞ পেসার। তার মতোই লম্বা সময় পর সুযোগ পেলেন ইয়াসির আলি চৌধুরি।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর দিন ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। পাঁচ পরিবর্তনের স্কোয়াডে খালেদ-ইয়াসির ছাড়াও ফেরার তালিকায় আছেন লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ ও জাকের আলি।

সংযুক্ত আরব আমিরাতে গত মাসে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান ও আলিস আল ইসলাম। বিশ্রামে রয়েছেন হাসান মাহমুদ।

শেষ মুহূর্তের চোটে ওই ত্রিদেশীয় সিরিজ খেলা হয়নি লিটনের। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। বাদ পড়াদের মধ্যে সাইফ ব্যস্ত চলতি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে। তার নেতৃত্বেই খেলছে বাংলাদেশ 'এ' দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয় খালেদের। ওই সিরিজের এখন পর্যন্ত দুই ম্যাচের ক্যারিয়ারের সবশেষটি খেলেন তিনি। প্রায় তিন বছর পর আবার আচমকাই এই সংস্করণে ডাক পড়ল।

গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগের পর আর লিস্ট 'এ' ক্রিকেটও খেলেননি খালেদ। ওই টুর্নামেন্টে আবাহনী লিমিটেডের হয়ে ৭ ম্যাচে তিনি নিতে পারেন ৯ উইকেট। গত বছরের লিগে ৯ উইকেট নিয়েছিলেন ১০ ম্যাচে। সীমিত ওভারের দলের বিবেচনায় ছিলেন না তিনি অনেক দিন ধরেই। হুট করে তার ওয়ানডে দলে ফেরাটা বিস্ময়করই। সার্বিকভাবে লিস্ট 'এ' ক্যারিয়ারে ৭৯ ম্যাচে তার শিকার ১০৭ উইকেট।

খালেদের তুলনায় ইয়াসিরের ফেরাটা কিছুটা অনুমেয়। সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা ফিরে পান মিডল-অর্ডার এই ব্যাটসম্যান। সেই ধারায় এবার ওয়ানডেতে ফেরার দুয়ার খুলল তার সামনে। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ড সিরিজের পর আর এই সংস্করণে জাতীয় দলে খেলা হয়নি তার।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন করার পথে ৭ ইনিংসে ১৫২.২০ স্ট্রাইক রেট ও ৬৯ গড়ে ২০৭ রান করেন ইয়াসির। এছাড়া চলতি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস।

জাকের ও নাঈমের ফেরা এক বছরের বেশি সময় পর। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আর ওয়ানডে খেলা হয়নি দুজনের। সবশেষ প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ৫২.৩৩ গড়ে নাঈমের সংগ্রহ ৪৭১ রান। একই লিগে ৮ ইনিংসে ৫৩.৬০ গড়ে জাকের করেন ২৬৮ রান।

গত জুনে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলার সুযোগ পান মোসাদ্দেক। তিন ম্যাচে দুই ফিফটিতে ১৫৭ গড়ে ১৫৭ রান করে ফেরাটা দারুণভাবে রাঙান অভিজ্ঞ অলরাউন্ডার। তবে পরের তিন ইনিংসে মোটে ২১ রান করার পর আবার জায়গা হারালেন তিনি।

অভিষেকেই সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হওয়ার পর এখন অ্যাকশন শোধরানোর লড়াইয়ে আছেন আলিস। ওই ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ মিলিয়ে ৯ রান করে বাদ পড়েছেন সৌম্য। একই টুর্নামেন্টে একমাত্র ম্যাচে ৫ রানে আউট হন সোহান।

সব মিলিয়ে একঝাঁক পরিবর্তন নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। কুগুম্পো সিটিতে আগামী ১ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ। গেবেখা ও কেপ টাউনে পরের দুই ম্যাচ ৩ ও ৭ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

ফেরা: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি, সৈয়দ খালেদ আহমেদ

বিশ্রাম: হাসান মাহমুদ

বাদ: সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম