নাঙ্গলকোটে ছোট ভাইকে হত্যার অভিযোগে যুবক আটক
হাতাহাতির এক পর্যায়ে রমজান ছুরি দিয়ে দেলোয়ারের গলায় আঘাত করেন বলে জানায় পরিবার।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পারিবারিক বিবাদের সময় ছুরি মেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন।
নিহত ৩৫ বয়সী দেলোয়ার হোসেন ওই গ্রামের বশির আহাম্মদের ছেলে। আটক রমজান আলী (৪০) বশির আহাম্মদের সেজ ছেলে।
এলাকাবাসী ও পরিবার জানায়, বশির আহাম্মদের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে দেলোয়ার সবার ছোট। তাদের কেউই মা-বাবাকে ঠিকমতো দেখাশোনা করেন না।
শনিবার সকালে খাওয়া-দাওয়া নিয়ে মায়ের সঙ্গে সেজ ছেলে রমজান আলীর ঝগড়া হয়। এতে বাধা দেন দেলোয়ার।
এ সময় রমজান ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে মাকে ছুরিকাঘাতের চেষ্টা করলে দেলোয়ার তাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়ালে দেলোয়ার লাঠি দিয়ে রমজানের হাতে আঘাত করেন। তখন ক্ষিপ্ত হয়ে রমজান ছুরি দিয়ে দেলোয়ারের গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ারের মৃত্যুর খবর পেয়ে রমজান পালানোর চেষ্টা করলে তাকে ঢালুয়া এলাকা থেকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।
নিহতের মা মালেকা বানু বলেন, “রমজান ছুরি দিয়ে দেলোয়ারকে খুন করেছে। আমি খুনির বিচার চাই।”
খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ফারুক হোসেন।
