ঈদে ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট হবে না: সড়ক সচিব
সোমবার যানজট নিরসনে মহাসড়কে মহড়া দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন সচিব।
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট না হওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া কথা জানিয়ে তিনি বলেন, “টাঙ্গাইল অংশে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্ততি নিয়েছি। আশা করছি, সকলের প্রচেষ্টায় ঈদযাত্রায় মহাসড়কে ভোগান্তি কম হবে।”
রোববার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদযাত্রা উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদযাত্রায় ট্রাক চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে আমিন উল্লাহ নুরী বলেন, “মহাসড়কে যাত্রীদের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আমিও মাঠে থেকে খোঁজখবর রাখবো।
“এ ছাড়া মহাসড়কে ৩২টি পয়েন্টে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “সড়কে দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষণিক অপসারণের জন্য সিরাজগঞ্জে ছয়টি ও টাঙ্গাইলে ছয়টি রেকার প্রস্তুত করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা লেন করা হয়েছে।
“সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করি, এ বছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট হবে না।”
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে এরই মধ্যে গাড়ির চাপ বেড়েছে উল্লেখ করে সড়ক পরিবহন সচিব বলেন, “সোমবার যানজট নিরসনে মহাসড়কে মহড়া দেওয়া হবে।
“ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করব। ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইসহাক।
টাঙ্গালই জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বক্তব্য দেন।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
