২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

দুপুরে কর্মস্থলে যোগ দিতে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 05:00 PM

Updated : 09 Mar 2024, 06:17 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।  

শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন জানান। 

নিহত ৪৫ বছর বয়সী ইউনুস আলী সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা এবং কেরানীগঞ্জ থানার এসআই ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ইউনুস আলী কেরানীগঞ্জের আগে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। এ কারণে তার পরিবারের লোকজন টাঙ্গাইল সদর থানার পাশেই থাকতেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে আসেন। 

“দুপুরে কর্মস্থলে যোগ দিতে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়।” 

তার মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।