২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

সন্ধ্যায় শিশুটি শৌচাগারে যেতে ঘরের বাইরে গেলে প্রতিবেশী মিজান সরদার নিজের কারখানায় নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

পুলিশ মিজান সরদারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 08:14 PM

Updated : 07 Apr 2023, 08:15 PM

মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বয়স্ক এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদবরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়। 

গ্রেপ্তার মিজান সরদার (৫৫) শিকদারকান্দি গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে। 

১১ বছর বয়সী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন। 

ওসি আনোয়ার হোসেন মেয়েটির পরিবারের বরাতে জানান, মাদবরচর ইউনিয়নের চরকান্দি গ্রামের দরিদ্র দিনমজুরের এই মেয়ে তার নানার বাড়ি একই ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে বসবাস করে এবং বাখরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে।

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি শৌচাগারে যেতে ঘর থেকে বাইরে যায়। তখন প্রতিবেশী নানা মিজান সরদার তাকে পাশে নিজের পোড়া লুব্রিকেন্ট অয়েলের রি-রিফাইনিং কারখানায় নিয়ে যান। 

সেখানে ভয়ভীতি দেখিয়ে মিজান সরদার শিশুটিকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

মামলার বরাতে ওসি বলেন, দীর্ঘ সময় পরও শিশুটি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়। ওই সময় পথে মিজান সরদারের কারখানার এক শ্রমিক জানান – মিজান সরদার শিশুটিকে কারখানার ভিতরে নিয়ে গেছেন।

“তখন পরিবারের লোকজন মিজান সরদারের কারখানায় গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে মিজান সরদার দরজা খুলে দৌড়ে পালিয়ে যান। 

“পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সেখান থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন এবং পরে শিবচর থানায় মামলা দায়ের করেন।” 

ওসি জানান, শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাদবরচর এলাকা থেকে আসামি মিজান সরদারকে গ্রেপ্তার এবং দুপুরে মাদারীপুর হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলা পাঠানোর আদেশ দেয়।