ময়মনসিংহে প্রতিবেশী ‘ভাবিদের জড়িয়ে ধরায় থাপ্পড়’, ছুরিকাঘাতে তরুণ খুন
এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ নগরীতে প্রতিবেশী ভাবিদের জড়িয়ে ধরার অভিযোগ থাপ্পড় মারায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তবে পুলিশের ভাষ্য, মাদক নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহত সাদ্দাম হোসেন (২৩) ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তার অন্তর (৩০) একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তর মেয়েলি স্বভাবের। তিনি প্রায়ই প্রতিবেশী ভাবিদের জড়িয়ে ধরতেন। বিষয়টি সাদ্দাম জানতে পেরে দুই দিন আগে অন্তরকে থাপ্পড় মারেন। এতে সাদ্দামের প্রতি অন্তর ক্ষিপ্ত ছিলেন। ঘটনার সময় সাদ্দাম একটি কক্ষে ছিলেন।
অন্তর সেখানে গিয়ে সাদ্দামের বুকে ও গলায় ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে সাদ্দাম মারা যান।
ওসি শিবিরুল ইসলাম বলেন, সাদ্দামের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “যতটুকু জানতে পারছি- দুইজনের মধ্যে মাদক নিয়ে বিরোধ ছিল। সে কারণে সাদ্দামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”
