সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২ কার্যালয়ে ভাংচুরের অভিযোগ
এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুইটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
গত সোম ও মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড এবং শাহাজাদপুর উপজেলার গাড়াদহ ইউপিতে আওয়ামী লীগ কার্যালয়ে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলামসহ ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের অভিযোগ, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় কার্যালয়ের টেবিল-চেয়ার এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে হামলাকারীরা। এ ছাড়া তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, এ ঘটনায় বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০/২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়।
ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার ও ভাংচুরের আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান ওসি নজরুল।
ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
এদিকে, অভিযোগের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিএনপির আন্দোলনে ভীত হয়ে সরকার গুলি করে আমাদের কর্মীদের হত্যা করছে। রাজশাহীর বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার জন্য শুধু সিরাজগঞ্জ নয়, বগুড়া, নওগাঁ, নাটোরসহ বিভিন্ন জেলায় নিজেরাই তাদের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিচ্ছে।”
