মানিকগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
২০২১ সালে ১০০ গ্রাম হেরোইন ও ১৮৫টি ইয়াবাসহ মুন্নাফকে গ্রেপ্তার করে পুলিশ ।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদক কেনা-বেচার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সালাম জানান।
দণ্ডিত মো. মুন্নাফ হোসেন (৩৯) ওই উপজেলার বাইমাইল এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি আব্দুস সালাম বলেন, ২০২১ সালের ৯ মার্চ দুপুরে ওই উপজেলার শিবপুর এলাকা মাদক কেনা-বেচার সময় ১০০ গ্রাম হেরোইন ও ১৮৫টি ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফকে গ্রেপ্তার করে পুলিশ ।
পরে সিংগাইর থানার এসআই মো.ওবাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আইনজীবী বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছর দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
