নরসিংদীতে অটোচালককে হত্যায় ৫ জনের যাবজ্জীবন
পুলিশ যাত্রী সেজে তদন্ত করে ঘটনার আসামিদের শনাক্ত করে।
নরসিংদীতে অটোরিকশার চালককে হত্যার ১০ বছর পর রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিকালে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শামীমা পারভীন তিন আসামির উপস্থিতিতে এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২) ও ছেলাম মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)।
রায় প্রদানের সময় রাসেল ও ছেলাম পলাতক ছিলেন।
আইনজীবী বলেন, বেলাব উপজেলার ভাটেরচর গ্রামের অটোরিকশা চালক হারুন-অর রশিদ মিয়া (৪৫) ২০১৩ সালের ২৮ জুন রাতে পাঁচজন যাত্রী নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি। পরদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেলাবর চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ যাত্রী সেজে তদন্ত করে ঘটনার আসামিদের শনাক্ত করে।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। মামলায় ১৩ জন সাক্ষ্য দেন।
আইনজীবী আরও বলেন, আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন।
