ভোলায় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
শনিবার মধ্যরাতে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান।
ভোলার লালমোহন উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে দ্বায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মারা গেছেন।
শনিবার মধ্যরাতে ভোলা-৩ আসনের চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রে ওই কর্মকর্তা ‘স্ট্রোক’ করেন বলে জানিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তার স্ত্রী গোলেনুর বেগম উপজেলা সংলগ্ন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
ইউএনও তৌহিদুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
