২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় ছাত্রের মৃত্যু: বরিশালে সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ

চালকের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 08:35 PM

Updated : 19 Jun 2023, 08:35 PM

বরিশালে বাস চাপায় কলেজ ছাত্র তাজিম আহম্মেদ আলভী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে ঘণ্টা খানেক ধরে বিক্ষোভ দেখিয়েছেন তার সহপাঠীরা।

সোমবার বেলা ১২টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

আগের দিন মহাসড়কের গৌরনদীর কাছেমাবাদ এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসের চাপায় সরকারি বরিশাল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী আলভী (২১) প্রাণ হারান।

ওই বাসের চালকের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছেন আলভীর সহপাঠীরা। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধে মহাসড়কের দুই প্রান্তে যানযটের সৃষ্টি হয়। 

আন্দোলনকারীদের একজন রাসেল বলেন, “আমাদের এক সহপাঠীকে চোখের পলকে চাপা দিয়ে মেরে ফেলেছে ডলফিন পরিবহন। কিন্তু মালিক সমিতি ও কোম্পানির পক্ষ থেকে আলভীর পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি। যে কারণে সহপাঠীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।”

পরে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার ইউসুফ আলী খানের ছেলে আলভী পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোনের সরঞ্জামাদির পাইকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাকে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে মোবাইল ফোনের সরঞ্জামাদি পৌঁছে দিতে হতো।

রোববার সকালে গৌরনদীতে সরঞ্জামাদি পৌঁছে দিয়ে বাইকযোগে বরিশালে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান আলভী।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানিয়েছেন, ডলফিন পরিবহনের বাসটি মহাসড়কের ইছলাদি টোলপ্লাজা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।