মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে যানবাহন
বাদে আলীশা, রাজপাড়া ও হাইল হাওরে চলাচলের এই সেতু যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে এলাকাবাসীর শঙ্কা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের আলীয়াছড়ার উপর একটি ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল করছে গ্রামের লোকজন।
বাদে আলীশা, রাজপাড়া ও হাইল হাওরে চলাচলের এই সেতু যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে এলাকাবাসী শঙ্কা প্রকাশ করেছেন।
সেতুটি অপসারণ করে পুনরায় নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সরকার বাজারে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের মানুষ।
এ সময় স্থানীয় কাওছার আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি সদস্য জসীম আহমদ কামালসহ কয়েকজন; উপস্থিত ছিলেন শতাধিক মানুষ।
এ সময় বক্তারা বলেন, ১০ বছর আগে সেতুটির মাঝখানে দেবে যেতে শুরু হয়। বর্তমানে মধ্যাংশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায়ও ওই গ্রামের হাজার হাজার মানুষ ছোট ছোট যান নিয়ে চলাচল করছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
তারা দ্রুত সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবি জানান।
স্থানীয় সমাজসেবী কাওছার আহমদ জানান, এই সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এইটি বাদে আলীশা গ্রামে প্রবেশের একমাত্র রাস্তা। এই রাস্তার মুখেই আলীয়াছড়ার উপর নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তিনি জানান, এই ব্রিজের উপর দিয়ে হাইল হাওরেও যেতে হয়। বরো ও আমন মৌসুমে হাজার হাজার মন ধান এই রাস্তা দিয়েই আনা-নেওয়া করা হয়। বর্তমানে এই সেতু দিয়ে ট্রাক, পিক-কাপ, প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করতে পারে না। এতে কৃষকদের ধান আনা-নেওয়া করতে খুবই কষ্ট হয়। গ্রামে কোন মালামাল নিতে হলেও সরকার বাজার রেখে বিকল্প ব্যবস্থায় নিতে হয়।
বর্ষায় এই সেতুর উপর দিয়ে পানি যায় উল্লেখ করে তিনি বলেন, “পানির স্রোতে ব্রিজটি নড়তে থাকে। কিন্তু মানুষ নিরুপায়, তাই ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়েই চলাচল করে।”
স্থানীয় ইউপি সদস্য জসীম আহমদ কামাল জানান, শুধু বদে আলীশা নয়, এই রাস্তা দিয়ে রাজপাড়াসহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ আসা-যাওয়া করে।
ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, এই রাস্তাটি সরকার বাজার থেকে ভিতর দিয়ে সাতগাঁও চৌমুহনীতে গিয়ে শেষ হয়েছে। এটি বাদে আলীশাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান রাস্তা। কিন্তু রাস্তাটির মুখে আলিয়াছড়ায় নির্মিত ব্রিজটির মধ্যের পিলারের মাটি সরে গিয়ে দেবে গেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারাও দেখেছেন। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মেরামত প্রকল্পসহ বেশ কিছু প্রকল্প উপরে পাঠিয়েছিলেন; কিন্তু অনুমোদন হয়নি। বর্তমানে স্থানীয় সংসদ সদস্যের ডিও নিয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রেরণ করা হয়েছে।
