২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, শৈতপ্রবাহে বিপর্যস্ত জীবন

শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, শৈতপ্রবাহে বিপর্যস্ত জীবন

গত দুদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 04:20 PM

Updated : 17 Dec 2022, 04:20 PM

তিন দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুদিন ধরে চলা শৈত্যপ্রবাহের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গিয়েছিল এখানে।”

শুক্র ও শনিবার জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বইছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, “হিমেল বাতাস থাকায় এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে ও সন্ধ্যায় থাকছে তীব্র শীত। এ ছাড়া সারাদিনই শীত অনুভূত হচ্ছে।“

শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। কুয়াশা ঢাকা প্রান্তরে সূর্যের দেখা প্রায় মিলছেই না। এর মধ্যেই শ্রমজীবী মানুষকে কাজের সন্ধানে বের হতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে ছিন্নমূল মানুষ।

তীব্র শীত অব্যাহত থাকলে বীজতলা ও মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।

সদর উপজেলার বেলগাছি গ্রামের কৃষক নবিছ উদ্দিন বলেন, “শীত ও কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। অন্য ফসলেও পোকামাকড়ের আক্রমণ হতে পারে। কুয়াশা থাকলে খেজুরের রস ঘোলা হয়ে যায়। গুড়ের মান ভাল থাকে না। আলুক্ষেতে রোগবালাই দেখা দেয়।”

চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের পর থেকেই হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে বয়স্করা ঠান্ডাজনিত রোগে এবং শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। ডায়রিয়ার প্রকোপও বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।