০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চার বিভাগে বৃষ্টির আভাস

“আগামী দুই দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 01:34 PM

Updated : 04 Oct 2026, 01:34 PM

মধ্য আশ্বিনেই দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার সকালের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্য জায়গা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার তাপমাত্রা কমলেও উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা নেই। আগামীকাল দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

ঢাকার আবহাওয়া সম্পর্কে তিনি বলেন, “আগামী দুই দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলেও তা হবে খুব হালকা পরিমাণ।”

রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।