জয়পুরহাটে নদীর তীরে কার্টনে মিলল ২ নবজাতকের লাশ
অবৈধ গর্ভপাত করে কেউ শিশু দুটি ফেলে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জয়পুরহাটের ক্ষেতলালে নদীর তীরে পড়ে থাকা কার্টনের ভিতর থেকে ৬-৭ মাস বয়সি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড় থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয় বলে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আনোয়ার জানান, বেলা সাড়ে ১১টার দিকে নদীর পাশে কাগজের কার্টনের ভিতরে দুই শিশুর মৃত ভ্রূণ দেখতে পান স্থানীয়রা।
খবরে দুপুরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় বলে তিনি জানান।
অবৈধ গর্ভপাত করে কেউ মৃত শিশু দুটি এখানে ফেলে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি আনোয়ার।
