শামীম ওসমানকে নিয়ে সংবাদ, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আসামি আবু সাউদ মাসুদ দৈনিক ‘সোজা সাপটা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক; নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ।
নারায়ণগঞ্জ-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় একটি দৈনিকের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সদর মডেল থানার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, সাংসদের ব্যক্তিগত সচিব হাফিজুর রহমান মামলাটি দায়ের করেছেন।
মামলার একমাত্র আসামি আবু সাউদ মাসুদ দৈনিক ‘সোজা সাপটা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ।
গত বৃহস্পতিবার [৮ ডিসেম্বর] রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করা হয় বলে পরিদর্শক সাইদুজ্জামান জানান।
মামলার এজাহারে নিজেকে সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে বাদী হাফিজুর রহমান বলেন, সাংবাদিক আবু সাউদ মাসুদ (৬০) তার পত্রিকার প্রথম পাতায় ‘ইবলিশের খপ্পরে সোজাসাপটা’ শিরোনামে ‘ইচ্ছাকৃতভাবে’ সংবাদ প্রকাশ করেছেন। সাংসদ শামীম ওসমানের ছবি বিকৃত করে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে ‘বিকৃত’ তথ্য প্রকাশ করেন।
প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে মামলায় অভিযোগ করেন হাফিজুর রহমান।
এই প্রতিবেদনের কারণে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শামীম ওসমানের মানহানি হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।
শামীম ওসমানের সঙ্গে আলোচনা করে বাদী থানায় মামলা করেছেন বলে উল্লেখ করেন।
ওই সাংবাদিক এর আগে গত ১৭, ২৩ ও ২৭ অক্টোবরও পত্রিকা ও অনলাইনে শামীম ওসমানের ছবি ‘বিকৃত করে মিথ্যা’ সংবাদ প্রকাশ করেছেন বলেও মামলায় উল্লেখ করেন বাদী হাফিজুর।
দৈনিক ‘সোজাসাপটা’ পত্রিকার ওয়েবসাইটে গত ৪ ডিসেম্বরে প্রকাশিত ‘ইবলিশের খপ্পরে সোজাসাপটা’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদনে শামীম ওসমান পত্রিকাটির ‘ডিক্লারেশন’ বাতিলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হ। প্রতিবেদনের সঙ্গে শামীম ওসমানের একটি কার্টুন ছবিও ছাপা হয়।
মামলার প্রতিক্রিয়ায় সাংবাদিক আবু সাউদ মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকাশিত সংবাদে কোনো মিথ্যা তথ্য প্রকাশ করা হয়নি। আমি কোনো অন্যায় করিনি। কোনো কিছুর বিনিময়ে অন্যায়ের সাথে কোনো আপস করব না। মামলা দিয়ে সাংবাদিকের কণ্ঠরোধ করা যাবে না।”
তিনি জানান, মামলার একদিন পর [৯ ডিসেম্বর] থেকে পত্রিকাটির মুদ্রন বন্ধ রয়েছে। তার পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়েছে। পত্রিকাটি মুদ্রনকারী প্রতিষ্ঠানের ঠিকানা ভুল উল্লেখ করে ডিক্লারেশন বাতিলের বিষয়ে গত ৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছেন।
তবে তাকে এই বিষয়ে নিজের পক্ষে ‘কথা বলার সুযোগ’ দেওয়া হয়নি বলে দাবি করেন। ১১ ডিসেম্বর তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়েছেন বলেও জানান।
মামলার বিষয়ে জানতে বাদী হাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংসদ সদস্য শামীম ওসমানের মোবাইল ফোনের নম্বরে সংযোগ পাওয়া যায়নি।
