‘ফিডব্যাক: ৫০ নট আউট’: বছরব্যাপী উদযাপনে নতুন অ্যালবাম ও তথ্যচিত্র
‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামের এই সংবাদ সম্মেলনে পাঁচ দশকের পথচলা, সাফল্য এবং ৫০ বছর পূর্তির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়।
সংগীতযাত্রার ৫০ বছর পূর্তি ঘিরে বছরব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে ব্যান্ড ‘ফিডব্যাক’। সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে দীর্ঘ ১১ বছর পর প্রকাশ হতে যাচ্ছে তাদের নতুন গান, সঙ্গে থাকছে ব্যান্ডটির ইতিহাসভিত্তিক একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্রও।
রাজধানীর একটি মিলনায়তনে এ উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করে ফিডব্যাক। ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামের এই সংবাদ সম্মেলনে পাঁচ দশকের পথচলা, সাফল্য এবং ৫০ বছর পূর্তির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী এ আয়োজনে নতুন ও পুরোনো গানের একটি বিশেষ সমন্বয় থাকবে। এর অংশ হিসেবে শিগগিরই প্রকাশ করা হবে একটি নতুন অ্যালবাম। এছাড়া নব্বই ও আশির দশকের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যান্ডের শুরুর দিন থেকে বর্তমান সময় পর্যন্ত স্মৃতি ও রূপান্তরের গল্প তুলে ধরতে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র।
ফিডব্যাকের প্রতিষ্ঠাতা ও দলনেতা ফোয়াদ নাসের বাবু বলেন, “দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে শ্রোতাদের কাছে আমাদের গান ও বার্তা পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহু চড়াই-উতরাই পেরিয়ে আমরা আজও গান করে যাচ্ছি এবং এই পথচলায় ভক্তদের ভালোবাসাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যান্ডের জ্যেষ্ঠ সদস্য লাবু রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, কণ্ঠশিল্পী রফিকুল আলম, বামবা সভাপতি ও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান এবং অবসকিউর ব্যান্ডের টিপু।
এছাড়া মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জন্সের কর্ণধার শাহীন আহমেদ এবং ইউনিভার্সাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঁচ দশকের পথচলা
জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের যাত্রা শুরু ১৯৭৬ সালে। প্রতিষ্ঠার শুরুর দিকে মূলত ইংরেজি পপ পরিবেশন করলেও আশির দশকের শুরু থেকে তারা পুরোপুরি বাংলা গানে মনোযোগ দেয়। ফোয়াদ নাসের, এরশাদ মঈনুদ্দিন পলি, মাকসুদুল হক ও লাবু রহমানের মত শিল্পীদের সমন্বয়েই এ ব্যান্ডের মূল ভিত্তি তৈরি হয়েছিল।
দলটির প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘মেলা’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ও ‘দেহঘড়ি’। বাংলা নববর্ষের অন্যতম দর্শকপ্রিয় গান ‘মেলায় যাই রে’ ফিডব্যাকেরই সৃষ্টি।
