২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৩ সেপ্টেম্বর ঘরের দরজা ভেঙে খাদিজার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 02:26 AM

Updated : 31 Mar 2024, 07:00 PM

টাঙ্গাইলে আইনজীবীর সহকারী খাদিজা আক্তার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার গভীর রাতে ঢাকার সাভার থানার আমতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল র‌্যাব-১৪ এর সিপিসি তিন নম্বর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান।

গ্রেপ্তার ৩৫ বছর বয়সী মো. রাশেদুল রহমান রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার নলখোলা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, খাদিজা ও রাশেদুল প্রেমের সম্পর্কের কারণে পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে শহরের বটতলা এলাকায় হেলালুজ্জামানের বাসার তৃতীয় তলা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

৩ সেপ্টেম্বর খাদিজার বড় বোন এবং ভাগ্নে ওই বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে তারা বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে খাদিজার লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

ঘটনার পর থেকেই রাশেদুল রহমান পলাতক ছিলেন।

পরদিন নিহতের বড় ভাই ইমান হোসেন বাদী হয়ে রাশেদুল রহমানসহ অজ্ঞাত কয়েকজনের নামে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, খাদিজার সঙ্গে সম্পর্কের অবনতি এবং আর্থিক লেনদেনের কারণে তাকে হত্যা করা হতে পারে। দুপুরে রাশেদুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]