রাজশাহীতে জামায়াতের মিছিল থেকে হামলায় ২ পুলিশ আহত
জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের হয়।
রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ; ইটের আঘাতে তাদের দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরের নিউ মার্কেটের পাশ থেকে কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আবু হায়দারের চোখে নিচে ও উপরে আঘাত লেগেছে।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “তাদের মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে পালিয়ে যান।
“তাদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নিউ মার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউ মার্কেটের দিকে যায়। উপশহর নিউ মার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী অংশ নেন।
এ ব্যাপারে জানতে সন্ধ্যায় এমাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে এর আগে তিনি একটি সাংবাদমাধ্যমকে বলেন, কোনোরকম উসকানি ছাড়াই জামায়াতে ইসলামীর আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে তারা মিছিল বের করে করেন।
তবে মিছিল থেকে পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেন জামায়াত নেতা।
