২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

২০১৮ সালের ৩০ মে রহিমাকে হত্যা করে মরদেহ খালে ফেলে রাখা হয়।

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 05:25 PM

Updated : 25 Jul 2023, 05:38 PM

সিরাজগঞ্জের সলঙ্গায় এক স্কুল শিক্ষিকাকে হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল বাশার মিঞা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আসামিপক্ষের আইনজীবী লোকমান হাকিম জানান।

দণ্ড পাওয়ারা হলেন- সলঙ্গা থানার ঝাঐল উত্তরপাড়ার প্রয়াত জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪১) এবং চৌধুরী ঘুঘাট গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৪৩)।

মামলার বরাতে লোকমান জানান, রহিমা খাতুন (২২) বাবার বাড়িতে থেকে ব্র্যাক সমিতির আনন্দ স্কুলে শিক্ষকতা করতেন। ২০১৮ সালের ৩০ মে বেতুয়া গ্রামের একটি খাল থেকে রহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, তদন্ত চলাকালে রহিমার প্রেমিক হাবিবুরকে আটক করে পিবিআই। পরে হাবিবুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রহিমার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করেন হাবিবুর। এ কাজে তাকে সহযোগিতা করেন আইয়ুব আলী।

তদন্ত শেষে হাবিবুর ও আইয়ুবকে আসামি করে ২০১৯ সালের ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআই।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস এবং আরেকটি ধারায় আরও তিন বছর কারাবাসে থাকতে হবে বলে জানান এ আইনজীবী।