মাগুরায় স্ত্রীর ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী খুন
ছুরিকাঘাতে আহত হয়েছেন স্ত্রী স্মৃতিও। তিনি একই হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।
পরিবারিক কলহের জেরে মাগুরা শহরে স্ত্রীর ছুরিকাঘাতে এক সেলুন ব্যবসায়ী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত স্ত্রী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকালে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ বিশ্বাস।
নিহত লাভলু দাস (৩৫) মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের তপন দাসের পুত্র। এ ঘটনায় আহত স্মৃতি দাস লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী। এ দম্পতি সাহাপাড়ায় বশির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
লাভলু দাসের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস দুই সন্তান নিয়ে লাভলুর নিজ বাড়ি মাগুরা সদরের নিজনান্দুয়ালী ঋষি পাড়াতে বসবাস করেন।
এসআই বিশ্বজিৎ বিশ্বাস জানান, রোববার সকালে গুরুতর আহত অবস্থায় লাভলু দাস মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
“প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারিক কলহের জের ধরে স্ত্রী স্মৃতি দাসের ছুরিকাঘাতে তিনি আহত হয়েছিলেন। এ সময় স্মৃতিও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি একই হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। “
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
