২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন সিলেটে সহিংসতার আশঙ্কা জাপা প্রার্থীর

“আমার আশঙ্কা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছে।”

ভোটের দিন সিলেটে সহিংসতার আশঙ্কা জাপা প্রার্থীর

সিলেটে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 11:11 PM

Updated : 17 Jun 2023, 11:27 PM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন সহিংসতার আশঙ্কা করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।

শনিবার রাতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগে বলা হয়, “বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি যে, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী এনে সিলেট এমসি কলেজ ও সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন।

“আমার আশঙ্কা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরনের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছে। এ অবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।”

এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদেরের ব্যবহৃত মোবাইল টেলিফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের মধ্যে ৮৮ জন নারী, যাদের মধ্যে একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে।

সিলেট নগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।