২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ডিএসসিসির সাবেক কাউন্সিলর মমিনুল হকের ৭ বছরের কারাদণ্ড

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:27 PM

Updated : 29 Oct 2026, 05:27 PM

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক হামিদুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর এস এম আবুল কালাম আজাদ বলেন, “জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও অপরাধমূলক অসদাচরণে দায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জিত ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে তাকে। একইসঙ্গে তার অবরুদ্ধ থাকা ২ কোটি ৯৩ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।”

দুই ধারার সাজা একত্রে চলবে। সে ক্ষেত্রে মনিনুল হককে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে মর্মে তথ্য দিয়েছেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

মমিনুল হক সাঈদ বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন বেঞ্চ সহকারী দেওয়ান আশিক।

চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২০ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থার সহকারী পরিচালক আতাউর রহমান সরকার এ মামলা করেন।

মামলায় বলা হয়, সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবস্যাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেন; যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ সাক্ষীর সাক্ষ্য নেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে বৃহস্পতিবার আসামির সাজার রায় এল।