২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

১৪ জুলাই ভোররাতেও ছিনতাইয়ের উদ্দেশেই নরুন বাজারে অবস্থান নেয় পাঁচজন; সে সময় মোমেন শেখের অটোরিকশা দেখে তা ছিনতাইয়ের পরিকল্পনা করে।

গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ফল ব্যবসায়ী মোমেন শেখকে হত্যার অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 09:26 PM

Updated : 23 Jul 2023, 09:26 PM

গাজীপুরের কালীগঞ্জে এক ফল ব্যবসায়ীকে হত্যার অভিযোগে পাঁচ ‘পেশাদার ছিনতাইকারী’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার রাতে ঢাকার দক্ষিণখান এবং গাজীপুরের মাজুখান এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে রোববার জানিয়েছেন র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদীর পলাশ থানার জিনারদী এলাকার আরজু মিয়া (৩৪), নড়াইলের লোহাগড়া থানার তেলকারা এলাকার মো. সোহান (১৮), ময়মনসিংহের ত্রিশাল থানার বাঘান এলাকার নবী হোসেন (২৯), নেত্রকোনার দুর্গাপুর থানার বন্ধকোশইন এলাকার মো. রাজিব মিয়া (২১) এবং গাজীপুর মহানগরের উত্তর জাঙ্গালিয়া পাড়া এলাকার মো. শাকিল আহম্মেদ (১৮)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, কালীগঞ্জের ছাতিয়ানি উত্তরপাড় গ্রামের মোমেন শেখ (৫০) বিভিন্ন এলাকা ঘুরে রিকশা ভ্যানে ফল বিক্রি করতেন। গত ১৪ জুলাই হানকাটা ব্রিজের ওপর ছিনতাইকারীদের লোহার রডের আঘাতে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মোমেন শেখের স্ত্রী মোছা. সেলিনা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মোমেন শেখকে হত্যার বর্ণনা দিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তার আরজু মিয়ার বরাত দিয়ে র‌্যাব জানায়, এই পাঁচজনই একটি চক্রের সদস্য। নিয়মিত এরা গাজীপুরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। ১৪ জুলাই ভোররাতেও ছিনতাইয়ের উদ্দেশেই নরুন বাজারে অবস্থান নেয় পাঁচজন। সে সময় মোমেন শেখের অটোরিকশা দেখে তা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে অটোরিকশাটি হানকাটা ব্রিজের উপরে পৌঁছলে তারা সেটির গতিরোধ করে এবং মোমেন শেখের সঙ্গে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ কাজে বাধা দিলে গ্রেপ্তার আরজু মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে মোমেন শেখের বুকে আঘাত করে। সে সময় অভিযুক্ত সোহানও আরেকটি লোহার রড দিয়ে মোমেন মিয়াকে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে মোমেন শেখের সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে পালিযয়ে যায় ছিনতাইকারীরা।