মাদারীপুরে স্ত্রীর মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা কারাগারে
তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর (রাজনৈতিক-১) হিসেবে কর্মরত ছিলেন।
মাদারীপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
কারাগারে যাওয়া কর্মকর্তার নাম আবদুল ওয়াদুদ আকন (৩৭)। ২৯ তম বিসিএসে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর (রাজনৈতিক-১) হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামে। স্ত্রী জারিন রাফা নীলান্তির দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় হাজিরা দিতে তিনি দেশে এসেছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৭ এপ্রিল জারিন রাফা নীলান্তির সঙ্গে আবদুল ওয়াদুদের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন যে, বিয়ের পর তিনি জানতে পারেন যে তার স্বামী আগেও একটি বিয়ে করেছিলেন। কন্যার জন্মের পর থেকেই শুরু হয় নির্যাতন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৭ মে জারিন রাফার এক আত্মীয়ের বাসায় বসে ওয়াদুদ তার কাছে ৪০ লাখ টাকা এবং ৫ কাঠা জমির একটি প্লট যৌতুক হিসেবে দাবি করেন।
বিষয়টি নিয়ে বিবাদের এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন জারিন।
মামলার শুনানি শেষে আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, “শুনানির নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন আবদুল ওয়াদুদ। তবে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
