পাবনায় ‘৭ লাখ টাকাসহ নিখোঁজ’ ব্যবসায়ী
এ বিষয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পাবনার সুজানগরের ৭ লাখ টাকাসহ সার-কীটনাশক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার বিকাল থেকে তিনি নিখোঁজ বলে দাবি স্বজনদের।
নিখোঁজ রবিউল আলম (৬৫) সুজানগর উপজেলার বনকোলা দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ দারোগার ছেলে।
এ ঘটনায় বুধবার রবিউলের স্ত্রী মোছা. রাশিদা খাতুন রিতা সুজানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওই থানার ওসি জালাল উদ্দিন।
রাশিদা খাতুন জানান, প্রায় ১০ বছর ধরে রবিউল বনকোলার মধ্যপাড়া নতুন বাজারে অন্তু ট্রেডার্স নামের দোকানে সার ও কীটনাশক ব্যবসা করছেন। এ ছাড়া তিনি সিনজেনটা নামের একটি কীটনাশক কোম্পানির ডিলারও।
রাশিদা খাতুন আরও বলেন, “গত মঙ্গলবার দুপুরের খাবার বাড়ি থেকে বের হন আমার স্বামী। যাওয়ার সময় তিনি বাড়ি থেকে ৭ লাখ টাকা নিয়ে যান দোকান হয়ে পাবনার গাছপাড়াস্থ সিনজেনটা কোম্পানির আঞ্চলিক অফিসে পাওনা টাকা দিবে বলে।
“এরপর বিকাল ৩টা ২৯ মিনিটে ফোনে তার সঙ্গে সবশেষ কথা হয়। তখন তিনি গাড়িতে ছিলেন। খুব জোরে গাড়িটি চলছিল বলে মনে হচ্ছিল। সিনজেনটা অফিসের কাছাকাছি আছেন বলে জানান তিনি; তবে সঠিক জায়গার নাম বলেননি। এরপর ৫টা ১৬ মিনিটে তাকে আবার কল করলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। সময় নিয়ে কয়েক দফা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না।”
রবিউলের স্ত্রী আরও জানান, কোনোভাবেই যখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন গাছপাড়াস্থ সিনজেনটা কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেন তারা। সেখান থেকে জানানো হয়, বিকাল ৩টা ৩৮ মিনিটে তাদের সঙ্গে কথা হয়েছিল। তারপর থেকে তারাও ফোনে রবিউলকে পায়নি।
সিনজেনটা আঞ্চলিক কার্যালয়ের মার্কেট ডেভেলপার (সুজানগর এরিয়া) তৌফিক হোসেন বলেন, “উনি (রবিউল আলম) আমাদের রিটেইলার। উনার কাছে ১৬ লাখ টাকা পাবে কোম্পানি।
“ওইদিন আমাদের হালখাতা ছিল। রবিউল সেখানেই আসছিলেন। যখন উনার সঙ্গে কথা হয়, তখন উনি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। প্রচুর বাতাসের শব্দে সব বোঝা না গেলেও উনি জানান, অল্পকিছু সময় লাগবে পৌঁছতে। এরপর উনার আসতে বেশি দেরি দেখে ৪টা ৪৫ মিনিটে তার নম্বরে কল দিই। একবার কল ঢোকার পর ফোনটি বন্ধ পাই। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তারা।”
এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, “এ ঘটনায় বুধবার সকালে নিখোঁজের স্ত্রী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন, “আমরা ফোন ট্র্যাক করে জেনেছি, সর্বশেষ ওই ব্যবসায়ীর অবস্থান ছিল পাবনার আতাইকুলাতে।”
