Published : 22 Oct 2023, 12:37 PM
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল আরোহীর সঙ্গে অটোরিকশার চালকের তর্কের জের ধরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন রিকশার যাত্রী কলেজ শিক্ষার্থী।
শনিবার রাত ৯টায় শাজাহানপুর উপজেলার বেজোড়ায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান।
নিহত মো. জুনায়েদ (১৮) উপজেলার সুজাবাদ পূর্বপাড়া গ্রামের জব্বারের ছেলে এবং বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক জাকিরুল ইসলাম (৩০) ও মিল্লাত হাসান (১৪)। জাকিরুল শাজাহানপুরের নন্দগ্রামের মো. গাফফারের ছেলে এবং মিল্লাত সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি আছেন৷ তারা দুজন আশঙ্কামুক্ত। নিহত জুনায়েদের মরদেহ হাসপাতালের মর্গে আছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাতে জুনায়েদ ও মিল্লাত শাজাহানপুরের হেলেঞ্চা পাড়া থেকে অটোরিকশায় বগুড়া শহরের বনানীর দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ বেজোড়ায় চারটি মোটরসাইকেলে কয়েকজন বনানী দিক থেকে হেলেঞ্চা পাড়ার দিকে যাচ্ছিল।
এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা আরোহীরা এজন্য অটোরিকশা চালককে গালিগালাজ করে এগিয়ে যায়।
অটোচালক জামিরুল মোটরসাইকেল আরোহীদের পাল্টা গালি দিলে তারা ফিরে এসে অটোরিকশাটির পথরোধ করে এবং চালকসহ দুই যাত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷
আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বেজোড়া এলাকায় চারটি মোটরসাইকেলে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।