ফরিদপুরে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ
বিএনপির সমাবেশকে নস্যাৎ করতে ১১ ও ১২ নভেম্বর পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে বলে শামা ওবায়েদের অভিযোগ।
ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগে নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী এ জেড এম জাহিদ হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘গণসমাবেশকে কেন্দ্র করে’ মঙ্গলবার রাতে নগরকান্দায় আটজন ও ফরিদপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনের বাড়িতে পুলিশ হামলা চালিয়েছে।
জাহিদ হোসেনের অভিযোগ, “সরকারের বাধার কারণে ১০ নভেম্বর থেকেই নেতাকর্মীরা গণসমাবেশে পৌঁছাতে শুরু করবেন। সমাবেশের মাঠ থেকে ফরিদপুর ‘মহানগরী’ পর্যন্ত পৌঁছে যাবে এই জনসমুদ্র। কোনো বাধাবিঘ্ন প্রতিবন্ধকতা দিয়ে গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
আগামী শনিবার [১২ নভেম্বর] ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিএনপির গণসমাবেশ আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সম্পাদক শামা ওবায়েদ বলেন, আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ‘ফরিদপুর বিভাগের’ প্রত্যন্ত অঞ্চল থেকে এ সমাবেশে যোগ দেবে বিএনপির নেতা কর্মীরা।
শামার অভিযোগ, “আগামী ১১ই নভেম্বর আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে আমাদের ১২ই নভেম্বরের সমাবেশকে নস্যাৎ করার জন্য। অন্যদিকে ১১ ও ১২ নভেম্বর পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমি বিশ্বাস করি তবুও সব বাধা উপেক্ষা করে ফরিদপুরে বিএনপির সমাবেশ সফল হবে। আমাদের নেতাকর্মীরা এ সমাবেশ সফল করবে।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও এ বি সিদ্দিকী মিতুল উপস্থিত ছিলেন।
বুধবার বিকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা কোমরপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন।
বিএনপির অভিযোগের বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ নিয়মিত ডিউটি হিসেবে অভিযান পরিচালনা করছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার কিংবা গ্রেপ্তারে অভিযোন চালানো হচ্ছে। কাউকে হয়রানি কিংবা কোথাও হামলা চালানো হচ্ছে না।
