ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’: আরেক আসামি গ্রেপ্তার
একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন তিন তরুণীসহ পাঁচ জন।
ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া এক তরুণীকে সড়ক থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলায় এ নিয়ে এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার হয়েছেন।
র্যাব ১৫ কক্সবাজার ব্যালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি রাবারবাগান এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মনিরুল ইসলাম ওরফে হারবদল (৩৫) কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
এর আগে গত মঙ্গলবার সোলায়মান শামীম (২৩) নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন তিন তরুণীসহ পাঁচ জন।
গত রোববার সকালে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের মেরিন প্লাজায় ওঠেন তারা।
পরদিন সোমবার রাত ১১টার দিকে সেখান থেকে দুই তরুণী বের হয়ে হেঁটে সুগন্ধা সড়কের পাশে রেস্তোরাঁয় খেতে যান।
মামলায় বলা হয়, পরে হোটেলে ফেরার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আসা পাঁচ যুবক দুই তরুণীর গতিরোধ করেন।
তারা মেয়ে দুটির হাত-মুখ চেপে ধরে অস্ত্রের মুখে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে রাজিউন নামে একটি কটেজে নিয়ে যায়।
সেখানে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন এক তরুণী।
গত বুধবার সকালে ১৯ বছর বয়সি মেয়েটি বাদী হয়ে তিন জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেছেন বলে ওই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
মামলার এজাহারে আরও বলা হয়, রাজিউন কটেজে প্রবেশের পরই দুই তরুণীকে আলাদা কক্ষে বন্দি করা হয়। বাদী অপর কক্ষের পরিস্থিতি জানতে না পারলেও তার ওপরে ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগ করেন। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারান তিনি।
পরদিন মঙ্গলবার সকালে তাদের দুজনকে একটি বাহনে (টমটম) করে নিয়ে যাওয়া হয় বাস টার্মিনাল এলাকায়। ওখানে ঢাকাগামী একটি বাসে তাদের তুলে দেওয়া হয়। কিন্তু পথে ওই তরুণী মারাত্মক অসুস্থতাবোধ করার কারণে বাস থেকে নেমে চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
ওই হাসপাতালে তরুণীকে চিকিৎসা দেন নুরুল হুদা মজুমদার নামে এক চিকিৎসক।
নুরুল হুদা বলেন, বিস্তারিত জানতে চাওয়া হলে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে পুলিশের সহযোগিতা চান ওই তরুণী। পরে রামু থানায় বিষয়টি জানিয়ে ভোক্তভুগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, গ্রেপ্তার হারবদল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি র্যাব ১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরীর।
আবু সালাম আরও জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
